শিরোনাম

সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

সিটিজেন ডেস্ক
সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সিটিজেন গ্রাফিক্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর ইরান হামলা শুরু করার পর এই প্রথম দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ হলো।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘তারা সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিশোধ নিতে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়ে বিবৃতি দেন। একইসঙ্গে শুক্রবার (১০ এপ্রিল) ইসলামাবাদে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে বলেও জানানো হয়।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২ মার্চ শুরু হওয়া সাম্প্রতিক সংঘাতের পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) ছিল লেবাননে সবচেয়ে প্রাণঘাতী দিন। এদিন দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা এবং ঘনবসতিপূর্ণ বৈরুতের কেন্দ্রীয় এলাকাজুড়ে ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে, যার অনেকগুলোই পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়েছে।

এসব হামলায় ২৫৪ জন নিহত এবং ১১৬৫ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/