শিরোনাম

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

সিটিজেন ডেস্ক
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত
নিহত সার্জেন্ট নেহোরাই লাইজার। ছবি: টাইমস অব ইসরায়েল

দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে আরও এক ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। এর ফলে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার মোট সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

সামরিক বাহিনীর একটি বিশেষ বিবৃতিতে জানানো হয়, নিহত সেনার নাম সার্জেন্ট নেহোরাই লাইজার। ১৯ বছর বয়সী এ তরুণ ৬০১তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন এবং দক্ষিণ লেবাননে সম্মুখ যুদ্ধ চলাকালে তিনি প্রাণ হারান। টেলিগ্রামে দেওয়া পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, লাইজার নিহত হওয়ার একই ঘটনায় তাদের আরও এক সেনা গুরুতরভাবে আহত হয়েছেন।

উল্লেখ্য ২ মার্চ এই অঞ্চলে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ২৪ জন ইসরায়েলি নিহত হয়েছেন, যার মধ্যে ২৩ জন সামরিক বাহিনীর সদস্য এবং একজন বেসামরিক ঠিকাদার।

সূত্র: আরব নিউজ

/এমএকে/