শিরোনাম

বৈরুত ঢুকবে না ইসরায়েল, গুলি বন্ধে সম্মত হিজবুল্লাহ: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
বৈরুত ঢুকবে না ইসরায়েল, গুলি বন্ধে সম্মত হিজবুল্লাহ: ট্রাম্প
লেবাননে ইসরায়েলি হামলায় ধোঁয়ার কুণ্ডুলি (ইনসেটে নেতানিয়াহু ও ট্রাম্প)। ছবি: নিউইয়র্ক পোস্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনে কাজ করছেন। তিনি সোমবার বিকালে এক পোস্টে জানান, ইসরায়েলি সেনারা তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে না বলে তিনি আশ্বাস পেয়েছেন।

সামাজিকমাধ্যমে ট্রাম্প বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ কথা হয়েছে। বৈরুতে কোনো সৈন্য পাঠানো হবে না। আর যে সৈন্যরা পথে ছিল, তাদেরও ইতোমধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, উচ্চপদস্থ প্রতিনিধিদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে আমার একটি অত্যন্ত ফলপ্রসূ আলাপ হয়েছে। তারা এই মর্মে সম্মত হয়েছে যে সকল গোলাগুলি বন্ধ হয়ে যাবে। ইসরায়েল তাদের উপর হামলা করবে না এবং তারাও ইসরায়েলের উপর হামলা করবে না।

যদিও এটা স্পষ্ট নয় যে ট্রাম্প হিজবুল্লাহর কার সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীকে ‘বিদেশী সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে। তাদের সঙ্গে এ ধরনের আলোচনা সম্ভবত কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম।

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল