শিরোনাম

সৌদির বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সৌদির বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে হুথিরা

সৌদি আরবের দক্ষিণে খামিস মুশাইত শহরে অবস্থিত কিং খালিদ বিমান ঘাঁটিতে বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। সোমবার (১৪ সেপ্টেম্বর) গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, তাদের বাহিনী বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এ বিমান ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে।

হুথিদের দাবি অনুযায়ী, এ হামলায় বিমান হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও গোলাবারুদ ডিপোসহ বেশ কিছু সামরিক স্থাপনা টার্গেট করা হয়েছিল এবং এর ফলে ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মূলত ইয়েমেনে অব্যাহত সৌদি বিমান হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, গত পাঁচ দিনে সৌদি আরবের এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ইয়েমেনের বিভিন্ন প্রদেশে তিনশটিরও বেশি বিমান হামলা চালিয়েছে। তবে বিমান ঘাঁটিতে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সৌদি আরব বা তাদের জোটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, হামলার পরপরই সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ খামিস মুশাইত প্রদেশে জরুরি সতর্কতা জারি করে। যদিও কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানিয়ে তারা ঘোষণা দেয়, বিপদ কেটে গেছে। একই সঙ্গে বাসিন্দাদের যেকোনো ধরনের জনসমাগম ও ভিডিও ধারণ থেকে বিরত থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুথিদের মধ্যকার এ সংঘাত নতুন করে তীব্র রূপ নিয়েছে। সৌদির পক্ষ থেকে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা যেমন জোরদার করা হয়েছে, তেমনি হুথিরাও পাল্টা জবাব হিসেবে দক্ষিণ সৌদির বিভিন্ন শহর ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।

গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আভা, খামিস মুশাইত, জাজান ও নাজরানে চালানো হুথি হামলায় ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জ্বালানি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার ইঙ্গিত দিয়ে হুথিরা জানিয়েছে, ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসন বন্ধ না হলে তারা সৌদি ভূখণ্ডের অভ্যন্তরে হামলা অব্যাহত রাখবে। এমনকি যেকোনো নতুন হামলার জবাবে ভবিষ্যতে আরও ব্যাপক ও কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে তারা।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/