ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ১০, আহত ১৪

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ১০, আহত ১৪
ইয়েমেনের আল জাওফে সৌদি-সমর্থিত বাহিনীর হামলার পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে

ইয়েমেনের তাইজ ও আল-জাওফ প্রদেশে চালানো সৌদি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ১৪ জন। হুথি-ঘনিষ্ঠ আল-মাসিরাহ টিভি চ্যানেলের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টার মধ্যে রিয়াদের চালানো এ ভয়াবহ হামলায় শুধু তাইজেই প্রাণ হারিয়েছেন আটজন বেসামরিক নাগরিক এবং আহত হয়েছেন এগারোজন। এর বাইরে আল-জাওফে মারা গেছেন দুজন, আর আহত হয়েছেন তিনজন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে লোহিত সাগর উপকূল এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে দ্রুতগতিতে অভিযান চালিয়ে যাচ্ছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে তারা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেওয়ার পর থেকেই দেশটিতে এ রক্তক্ষয়ী সংঘাতের শুরু। জুলাইয়ে দীর্ঘ ৪ বছরের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে পরিস্থিতি আরও বেশি ভয়াবহ হয়ে উঠেছে। নতুন করে শুরু হওয়া লড়াইয়ে ইতোমধ্যে শত শত মানুষের প্রাণহানির পাশাপাশি লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট আই

/এমএকে/