বোয়িং থেকে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বোয়িং থেকে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি আজ
প্রতীকী ছবি

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনতে চুক্তি করতে যাচ্ছে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস’। বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চুক্তিতে সই করবেন বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী আখতার হোসেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চুক্তি সইয়ের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডন নেলসন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বোয়িং ও বিমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য আরেকটি ‘দারুণ অর্জন’ এবং এতে দুই দেশই লাভবান হবে।

বিমানের বহরে যুক্ত হবে ২৫টি নতুন উড়োজাহাজ

নতুন করে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তির আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চুক্তির আওতায় আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ কেনার কথা রয়েছে।

নতুন ১১টি উড়োজাহাজ যুক্ত হলে আগের চুক্তির ১৪টির সঙ্গে বিমানের বহরে মোট ২৫টি নতুন উড়োজাহাজ যুক্ত হবে।

/এফআর/