শিরোনাম

কোনো হুমকির কাছেই মাথা নত করবে না ইরান: গালিবাফ

সিটিজেন ডেস্ক
কোনো হুমকির কাছেই মাথা নত করবে না ইরান: গালিবাফ
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির মুখে পাল্টা যুদ্ধের হুমকি দিয়ে কড়া জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ। রবিবার (১২ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ইরান কোনো ধরনের হুমকির কাছে মাথা নত করবে না।

গালিবাফ বলেন, ট্রাম্প যদি লড়াই বেছে নেন তবে ইরানও লড়াই করবে। আর যদি যুক্তি নিয়ে এগিয়ে আসেন, আমরা যুক্তি দিয়েই মোকাবিলা করব। আলোচনার পথ খোলা থাকবে। মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তেহরানের দৃঢ়তা পরীক্ষা করতে চাইলে ওয়াশিংটনকে আরও বড় শিক্ষা পেতে হবে।

মূলত পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত দীর্ঘ ২১ ঘণ্টার ঐতিহাসিক বৈঠক ব্যর্থ হওয়ার পরই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ৫ সপ্তাহের সংঘাতের পর দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চললেও এ আলোচনা কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। দীর্ঘ নীরবতা ভেঙে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্টে হুঙ্কার দিয়ে বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল আটকে দেবে মার্কিন বাহিনী। ট্রাম্পের দাবি, ইরান বর্তমানে এ পথে স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে, যা আর সহ্য করা হবে না।

পরবর্তীতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি দিয়ে কোন জাহাজ যাবে আর কোনটি যাবে না, তা নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের নেই। হয় সব দেশ সেখানে নিরাপদ যাতায়াতের সুযোগ পাবে, অন্যথায় একটি জাহাজও চলতে দেওয়া হবে না। বিশেষ করে ইরানের তেলের জাহাজ চলাচল স্থায়ীভাবে বন্ধ করার অঙ্গীকার করে ট্রাম্প বলেন, খুব দ্রুতই এ ব্যবস্থা কার্যকর করা হবে এবং অল্প সময়ের মধ্যে প্রণালিটি ইরানের ব্যবহারের অনুপযোগী করে তোলা হবে। ওদিকে ইরান বলছে, তারা আলোচনার টেবিলে যথেষ্ট সদিচ্ছা দেখালেও ওয়াশিংটনের অনড় অবস্থানই পরিস্থিতিকে যুদ্ধের কিনারে ঠেলে দিচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/