শীতে গাজায় মানবিক বিপর্যয় আরও বাড়তে পারে: ইউনিসেফ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
শীতে গাজায় মানবিক বিপর্যয় আরও বাড়তে পারে: ইউনিসেফ
শীতে গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউনিসেফ

গাজায় শীতের ত্রাণসামগ্রী ঢুকতে শুরু করলেও গত সপ্তাহের আকস্মিক বন্যায় সব হারানো পরিবারগুলোর জন্য তা মোটেও যথেষ্ট নয়। প্রয়োজনের তুলনায় এৱ সাহায্য একেবারেই নগণ্য বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল- ইউনিসেফ।

গাজা সিটি থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনিসেফ প্যালেস্টাইনের যোগাযোগ প্রধান টোবি ফ্রিকার এ কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা কিছু সামগ্রী পাচ্ছি, যেমন: ত্রিপল, কিছু তাঁবু, শিশুদের জন্য শীতের পোশাকের কিট। কিন্তু তা যথেষ্ট নয়। আমাদের এগুলো আরও বেশি প্রয়োজন।

গত সপ্তাহের বন্যায় গাজার অন্তত ২ লাখ ২০ হাজার মানুষ সরাসরি ক্ষতির মুখে পড়েছেন। পানিতে তাদের অস্থায়ী আশ্রয়স্থলগুলো ভেসে গেছে, নয়তো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। মাঠপর্যায়ে ইউনিসেফের কর্মীরা জমে থাকা পানি সরানো এবং নষ্ট হয়ে যাওয়া তাঁবুগুলো বদলে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। বন্যার পাশাপাশি গাজাবাসীর জন্য নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে জরাজীর্ণ ভবন ধসের ঝুঁকি। টোবি ফ্রিকারের মতে, পুরো উপত্যকায় প্রায় ৪ হাজার ভবন যেকোনো সময় ধসে পড়ার মতো অবস্থায় রয়েছে। এর আগে সেপ্টেম্বরেও এক ভবন ধসে ১২ জন শিশুসহ ২০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল।

ইউনিসেফের হিসাবে, গাজার প্রায় ৪ লাখ মানুষ চরম ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মানবেতর জীবন কাটাচ্ছেন, যাদের অর্ধেকই শিশু। সামনে দিনগুলো আরও কঠিন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে টোবি ফ্রিকার বলেন, ভুলে গেলে চলবে না, আমরা শীতের একেবারে শুরুতে আছি। আনুষ্ঠানিকভাবে এখনও শীত শুরু হয়নি। আর তাই সবচেয়ে বড় আশঙ্কা হলো, পরিস্থিতি কেবল আরও খারাপ হবে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/