শিরোনাম

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত

সিটিজেন ডেস্ক
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত
ইসরায়েলের জারজির শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলায় হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। শুক্রবার (১৩ মার্চ) ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, জারজির শহরের একটি ‘স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত’ হানে। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ও অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে সেখানে উদ্ধারকাজ চলছে।

জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ জানিয়েছে, আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী একজন নারী রয়েছেন। তার পিঠে স্প্লিন্টার লেগেছে। তবে অবস্থা আশঙ্কাজনক নয়। এ ছাড়া কাঁচের আঘাতে ১৭ বছর বয়সী এক কিশোরী আহত হয়েছে।

ইসরায়েলের জারজির শহরে ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি। ছবি: ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ
ইসরায়েলের জারজির শহরে ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি। ছবি: ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ

ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদনে জানানো হয়, এই হামলায় ‘ব্যালিস্টিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে।

ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এরপরই এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। একই সময় দক্ষিণ লেবানন থেকে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে বলে উল্লেখ করে তারা।

গত কয়েক দিন ধরে ইরান এবং লেবাননভিত্তিক ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ উভয়ে ইসরায়েল লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

সূত্র: সিএনএন

/এফসি/