শিরোনাম

ইউরোপের শীর্ষ ৫ লিগে কারা এগিয়ে

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ইউরোপের শীর্ষ ৫ লিগে কারা এগিয়ে
ইউরোপের শীর্ষ ৫ ফুটবল লিগ। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় ইউরোপিয়ান ক্লাব ফুটবল। বিশেষ করে ইউরোপের শীর্ষ ৫ লিগে নজর থাকে ফুটবল প্রেমীদের। এছাড়া নেদারল্যান্ডস, পর্তুগালের লিগের খবরও রাখা হয় বেশ। এবার ইউরোপে শীর্ষ লিগগুলোর মধ্যে সবার আগে শিরোপা নিষ্পত্তি হয়েছে নেদারল্যান্ডসে। টানা তৃতীয়বারের মতো ডাচ লিগ এরেডিভিসির চ্যাম্পিয়ন হয়েছে পিএসভি আইন্দহোভেন। শীর্ষ পাঁচ লিগে এগিয়ে আছে কারা?

রবিবার (৫ এপ্রিল) রাতে ডাচ লিগে শিরোপার দৌঁড়ে পয়েন্ট টেবিলে আইন্দহোভেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেইনুর্দ ম্যাচ ড্র করে ভোলেনডামের বিপক্ষে। তাতে শিরোপা নিশ্চিত হয় পিএসভির।

ড্রয়ের ফলে ফেইনুর্দ ২৯ ম্যাচে পয়েন্ট দাঁড়ায় ৫৪। ৭১ পয়েন্টে শীর্ষে আছে পিএসভি। ফলে পাঁচ ম্যাচ বাকি থাকতেই ১৭ পয়েন্টের লিড পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন্দহোভেন।

স্পেনে এগিয়ে বার্সেলোনা

স্পেনে শিরোপার লড়াইয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে গেল শনিবার (৪ এপ্রিল) রাতে। টেবিলের ১৮ নম্বর দল মায়োর্কার কাছে ২-১ গোলে হেরে শিরোপা স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। আর বার্সেলোনা ২-১ গোলে হারায় আতলেতিকো মাদ্রিদকে। তাতে ৩০ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৭৬, আর রিয়ালের ৬৯। ৮ ম্যাচ বাকি থাকতে ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে কাতালান ক্লাবটি।

আর্সেনালের ২২ বছরের অপেক্ষা কি ফুরোবে

ইংলিশ প্রিমিয়ার লিগে গেল কয়েক মৌসুম ধরে নিয়মিত শিরোপা দৌঁড়ে থাকছে আর্সেনাল। এবারও তারা আছে একই পথে। তবে গানার্সরা সবশেষ লিগ শিরোপা জিতেছে ২২ বছর আগে। এবার কি পারবে শেষ পর্যন্ত অপেক্ষা ঘোচাতে।

৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিকেল আর্তেতার দল। ১ ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬১। অর্থাৎ ৯ পয়েন্টে এগিয়ে থেকে আর্সেনাল এখন চালকের আসনে। শেষ ৭ ম্যাচ নিজেদের কাজটা ঠিকমতো করতে পারলে শিরোপা জিততে পারে আর্সেনাল।

বায়ার্নের আধিপত্য

জার্মান বুন্দেসলিগাতে বায়ার্ন মিউনিখ অনেকটা পথ এগিয়ে। ২৮ ম্যাচে ৭৩ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। সমান ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। অর্থাৎ ৯ পয়েন্টের ব্যবধান। জার্মানির শীর্ষ লিগে খেলে মোট ১৮ দল। অর্থাৎ আর ৬ রাউন্ড বাকি। বায়ার্ন যে ধরনের ফর্মে আছে তাতে ধরে নেওয়া যায় বাভারিয়ানরা চ্যাম্পিয়ন হবে।

ইতালিতে ইন্তারের শিরোপা প্রায় নিশ্চিত

ইতালিতে এই মৌসুমে লিগে ইন্তার মিলান আধিপত্য বজায় রেখেছে। ৩১ ম্যাচে ৭২ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। নিকটতম প্রতিদ্বন্দ্বী এসি মিলান ১ ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। বাকি ৭ ম্যাচে ইন্তারের সামনে তেমন বড় পরীক্ষা নেই।

ফলে কয়েক রাউন্ড বাকি থাকতেই ইন্তার মিলান জিততে পারে শিরোপা। আর এসি মিলানকে হয়তো রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হবে।

ফ্রান্সে পিএসজি-লেন্স দ্বৈরথ

ফ্রান্সে পিএসজি ও লেন্সের মধ্যে হবে শিরোপা লড়াই। পিএসজি ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট পাওয়া লেন্স আছে দ্বিতীয় স্থানে। ১ ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে চার পয়েন্টে এগিয়ে পিএসজি। তবে লিগে এখনও ৬ রাউন্ড বাকি, পিএসজির বাকি ৭ ম্যাচ। ফলে ঘটতে পারে যে কোনো কিছুই।

/টিই/