শিরোনাম

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী

সিটিজেন ডেস্ক
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী

তেহরানের একটি হাসপাতাল থেকে দীর্ঘ দুই সপ্তাহেরও বেশি সময় চিকিৎসা নেওয়ার পর ছাড়পত্র পেয়েছেন ইরানের কারাবন্দী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। সোমবার (১৮ মে) তার সমর্থকেরা এই তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ৫৪ বছর বয়সী অধিকারকর্মীকে বর্তমানে বাড়িতে রেখে নিয়মিত ফিজিওথেরাপি ও প্রয়োজনীয় ফলো-আপ চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এর আগে, ১ মে ইরানের একটি কারাগারে হঠাৎ অচেতন হয়ে পড়লে মোহাম্মদীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে স্থানান্তর করা হয়। এর প্রায় ১০ দিন পর তিনি জামিন পান এবং উন্নত চিকিৎসার জন্য তেহরানের একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত হন। যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার নিবিড় স্বাস্থ্য পরীক্ষা করেন।

২০২৩ সালে কারাগারে থাকা অবস্থাতেই মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন নার্গিস মোহাম্মদী। দীর্ঘ কর্মজীবনে মানবাধিকার রক্ষার লড়াইয়ে নামায় তাকে বারবার কারাবরণ করতে হয়েছে। তার সর্বশেষ কারাদণ্ড শুরু হয় গত ডিসেম্বরে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহর থেকে তাকে গ্রেপ্তারের পর থেকে।

মোহাম্মদীর পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে কারাগারে থাকার কারণে তার স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে। বিশেষ করে গ্রেপ্তারের সময় তার ওপর চালানো নির্যাতন ও মারধর এ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। গত মার্চ মাসে তিনি হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন।

সূত্র: এপি

/এমএকে/