পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সাঁড়াশি অভিযান, আটক অনেকে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সাঁড়াশি অভিযান, আটক অনেকে
অধিকৃত পশ্চিম তীরে সাঁড়াশি অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী

অধিকৃত পশ্চিম তীরের জেনিন, নাবলুস ও সালফিতসহ বেশ কয়েকটি এলাকায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, অভিযানের সময় ইসরায়েলি সেনারা স্থানীয় আবাসিক এলাকাগুলোতে ঢুকে বাড়িঘরে ব্যাপক তল্লাশি ও ভাঙচুর চালিয়েছে এবং বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে।

সমন্বিত এ অভিযানে ইসরায়েলি সেনারা বিভিন্ন গ্রাম ও আবাসিক এলাকায় ঢুকে বাসিন্দাদের ওপর চড়াও হয়। তল্লাশির নামে অনেককে আটক করার পাশাপাশি ঘটনাস্থলেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওয়াফা জানিয়েছে, জেনিন প্রদেশের সিলাত আল-হারিথিয়া এবং দেইর আবু ধাইফ এলাকা থেকে ৪ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে সেনারা।

নাবলুসের পরিস্থিতিও ছিল বেশ থমথমে। শহরের উত্তরের পার্বত্য অঞ্চল, পপুলার হাউজিং, অস্ট্রিয়ান হাউজিং এবং ওল্ড আসকার ক্যাম্পের মতো ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে অভিযান ছড়িয়ে পড়ে। স্থানীয় নিরাপত্তা সূত্রগুলো ওয়াফাকে জানিয়েছে, তল্লাশির সময় ইসরায়েলি সৈন্যরা জোর করে ফিলিস্তিনিদের ঘরে ঢুকে পড়ে এবং ভেতরের আসবাবপত্র ও জিনিসপত্র তছনছ করে। এ ছাড়া পূর্বাঞ্চলীয় শহর বেইত ফুরিক ও বেইত দাজানের আবাসিক ভবনগুলোতেও একইভাবে তল্লাশি চালানো হয়েছে।

অন্যদিকে, সালফিতের উত্তরে মারদা গ্রামের অসংখ্য বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনি তরুণকে আটক করে ইসরায়েলি বাহিনী। পরে ঘটনাস্থলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এর পাশাপাশি বেথলেহেমের পূর্বে আল-উবেইদিয়ায় হামলা চালিয়ে বোমা নিক্ষেপ করে সেনারা এবং আবু সারহান এলাকায় বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করা হয়।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

/এমএকে/