বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম
প্রতীকী ছবি

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ায় এবং মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের বাজারে এ ঊর্ধ্বগতি দেখা গেছে।

বুধবার (২১ অক্টোবর) অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম এক দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৩৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম এক দশমিক চার শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেলের বাজারে নতুন করে চাপ তৈরির অন্যতম কারণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা।

জ্বালানি বাজারবিষয়ক তথ্যপ্রতিষ্ঠান কেপলারের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, সৌদি আরব ও হুতিদের মধ্যে নতুন করে সংঘাতের উত্তেজনায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা আরও বাড়ছে বলে দাবি বিশ্লেষকদের।

তাদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা অব্যাহত থাকলে এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার ঝুঁকি বাড়লে তেলের সরবরাহ আরও ব্যাহত হতে পারে। সে ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তি চাপের মুখে থাকতে পারে।

এর আগে, গত মঙ্গলবার সকালেই তেল বিক্রির বাজারে এই দাম বাড়ার প্রভাব চোখে পড়ে। লেনদেনের একপর্যায়ে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫২ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১০ দশমিক ০৭ ডলারে।

/এফআর/