সৌদিতে ১৯ হাজার লোক নিয়োগের ঘোষণা, আবেদন করবেন যেভাবে

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
সৌদিতে ১৯ হাজার লোক নিয়োগের ঘোষণা, আবেদন করবেন যেভাবে
প্রতীকী ছবি

চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের কর্মসংস্থানের ঘোষণা দিয়েছে সৌদি আরব। চলতি বছরে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ‘হেলথ হোল্ডিং কোম্পানি’ নতুন শূন্যপদ, সম্পন্ন হওয়া নিয়োগ এবং অনুমোদিত প্রশিক্ষণ চুক্তি মিলিয়ে মোট ১৯ হাজার ৬১০টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এর অংশ হিসেবে সম্প্রতি দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলে একযোগে নতুন ৪ হাজার ২৯১টি শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

গত সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব পদে বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়োগ দেওয়া হবে।

কোম্পানির তথ্য অনুযায়ী, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, জনবলের ঘাটতি পূরণ এবং দক্ষ কর্মী আকৃষ্ট করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন ঘোষিত শূন্যপদগুলোর নির্দিষ্ট পদ ও যোগ্যতার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।

আবেদনের নিয়মাবলি

আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের অফিশিয়াল নিয়োগ পোর্টালে গিয়ে শূন্যপদ, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলি দেখে অনলাইনে আবেদন করতে হবে। প্রতিটি স্বাস্থ্য অঞ্চলে নির্দিষ্ট শূন্যপদ প্রকাশের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাই আবেদনের পূর্বে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ ও শেষ সময় নিশ্চিত হওয়া প্রয়োজন।

বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

কোম্পানির দেওয়া তথ্য মতে, এ বছর ইতোমধ্যে ১২ হাজার ৯১৪ জন সৌদি নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে আরও ২ হাজার ৪০৫টি প্রশিক্ষণ চুক্তি অনুমোদন করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ার মূল লক্ষ্য স্থানীয় সৌদি নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি করা। ফলে নতুন ঘোষিত ৪ হাজার ২৯১টি পদ সরাসরি বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে সৌদি আরবে বিদেশি ডাক্তার, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা সুযোগ-সুবিধা থাকে। সেক্ষেত্রে আগ্রহী বাংলাদেশি চিকিৎসকদের সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বিদেশিদের আবেদনের সুযোগ আছে কি না তা যাচাই করে নিতে হবে।

এছাড়াও আবেদনকারীকে অবশ্যই প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সৌদি কমিশন ফর হেলথ স্পেশালিস্ট-এর লাইসেন্স, পেশাগত নিবন্ধন এবং কাজের অনুমতির শর্ত পূরণ করতে হবে।

সূত্র: গালফ নিউজ

/এফআর/