জাতিসংঘে ভাষণ দিয়েই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জাতিসংঘে ভাষণ দিয়েই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছেড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান জানিয়ছে, নেতানিয়াহু নিউইয়র্কে পৌঁছানোর দিনেই ভাষণ দেন এবং বক্তব্য শেষে একই দিন সরাসরি ইসরায়েলের উদ্দেশে রওনা হন।

ভাষণের পর তিনি প্যারাগুয়ে, পানামা ও বলিভিয়ার নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন। সেখানে আইজ্যাক চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার জন্য দেশ তিনটিকে আহ্বান জানান।

তবে ঠিক কী কারণে নেতানিয়াহুর সফর সংক্ষিপ্ত হলো এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণেই নেতানিয়াহুর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করা হয়ে থাকতে পারে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তার মেয়র নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, গাজায় গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তিনি গ্রেপ্তার করবেন। তবে পরে অবশ্য জানান, মেয়র হিসেবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার ক্ষমতা তার নেই। গত মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি পুনর্ব্যক্ত করেন, ইসরায়েলের নেতাকে নিজে গ্রেপ্তার করার ক্ষমতা তার নেই, তবে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অবশ্যই কার্যকর করা উচিত।

নেতানিয়াহুর সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ হয়েছে। জাতিসংঘের সদর দপ্তরের আশপাশে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন। অনেক ইহুদিও এই বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা বলেন, ‘বিপুল সংখ্যক নিউইয়র্কবাসী রাস্তায় নেমেছেন এটা বলতে যে, আমরা আমাদের শহরে যুদ্ধাপরাধীদের দেখতে চাই না।’

তবে বিক্ষোভ থেকে প্রায় ১০০ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্যের আগে অনেক দেশের প্রতিনিধি সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান। ভাষণে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে তীব্র আক্রমণ করেছেন নেতানিয়াহু। তাকে ইহুদিবিদ্বেষী আখ্যা দেন এবং ইসরায়েল ও দেশটির সামরিক বাহিনী নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তোলেন।

সূত্র: আল-জাজিরা

/জেএইচ/