শিরোনাম

কারও সঙ্গে যোগাযোগ করছেন না মোজতবা খামেনি

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
কারও সঙ্গে যোগাযোগ করছেন না মোজতবা খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বিশেষ কিছু কারণে’ আপাতত কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন না। রবিবার (২৬ জুলাই) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ-কে (ISNA) দেওয়া এক বিবৃতিতে তার শ্বশুর গোলাম-আলি হাদ্দাদ-আদেল এ তথ্য নিশ্চিত করেন। তবে মোজতবা খামেনি ঠিক কী কারণে নিজেকে আড়ালে রাখছেন, সে বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।

শ্বশুর হাদ্দাদ-আদেল আরও জানান, নানা আলোচনার মাঝেও মোজতবা পুরোপুরি সুস্থ আছেন। তিনি দাবি করেন, মোজতবা সব দিক দিয়েই তার প্রয়াত বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির গুণাবলি অর্জন করেছেন এবং বাবার মতোই দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন।

প্রায় ৩৬ বছর ধরে ইরান শাসন করার পর ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আলী খামেনি। বাবার মৃত্যুর পরপরই মোজতবাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে দেখা যায়নি, যা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

এদিকে, তেহরান ও ওয়াশিংটনের দীর্ঘদিনের সংঘাত নিরসনে গত মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির মূল শর্ত ছিল তাৎক্ষণিক যুদ্ধবিরতি। কিন্তু ৮ই জুলাই যুক্তরাষ্ট্র ও ইরানি বাহিনীর মধ্যে আবারও হামলা-পাল্টা হামলা শুরু হলে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে বলে ঘোষণা দেন। সংঘাতময় এমন জটিল রাজনৈতিক পরিস্থিতেই আড়ালে রয়েছেন ইরানি নেতা।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/