শিরোনাম

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করায় ভারতীয় মুসলিমদের তীব্র প্রতিবাদ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করায় ভারতীয় মুসলিমদের তীব্র প্রতিবাদ
সম্প্রতি ভারতের সংসদে বন্দে মাতরম বিল পাশ হয়

ভারতের সংসদে সম্প্রতি পাস হওয়া ‘বন্দে মাতরম বিল’-এর তীব্র সমালোচনা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। এটিকে ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলেও অভিহিত করেছে সংগঠনটি। বিলে বন্দে মাতরমের অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার পাশাপাশি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এর পালন বাধ্যতামূলক করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে মুসলিম বোর্ড জানিয়েছে, আইনের জোরে ধর্মীয় ভাবধারার গান বা স্লোগান চাপিয়ে দেওয়া দেশের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী।

সংগঠনটির মুখপাত্র ডক্টর এসকিউআর ইলিয়াস বলেন, ইসলামি বিশ্বাসের মূল ভিত্তি হলো আল্লাহর একত্ববাদ বা তাওহীদ। বন্দে মাতরমের কিছু অংশে মাতৃভূমিকে দেবীর রূপে চিত্রিত করে তার উপাসনা করার আহ্বান জানানো হয়েছে। এটি মুসলমানদের বিশ্বাসের সঙ্গে কোনোভাবেই মেলে না। তিনি স্মরণ করিয়ে দেন, সংবিধান প্রণয়নের সময়ও গণপরিষদ কেবল গানটির প্রথম দুটি স্তবক গ্রহণ করেছিল, কারণ বাকি অংশের ধর্মীয় অনুষঙ্গ ভারতের ধর্মনিরপেক্ষ রূপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, দেশপ্রেম ও ধর্মীয় উপাসনা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। দেশের মুসলমানরা মাতৃভূমিকে গভীরভাবে ভালোবাসেন এবং এর সুরক্ষাকে নিজেদের নাগরিক ও নৈতিক দায়িত্ব মনে করেন। তবে দেশকে ঈশ্বর বা দেবী হিসেবে গণ্য করা তাদের বিশ্বাসের পরিপন্থী।।

এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক ‘বিজো ইমানুয়েল বনাম কেরালা রাজ্য’ মামলার উদাহরণ টেনে ডক্টর ইলিয়াস বলেন, আদালত স্পষ্ট রায় দিয়েছিল যে ধর্মীয় বিশ্বাসের কারণে কেউ কোনো প্রক্রিয়ায় অংশ না নিলে এবং শালীনভাবে নীরব থাকলে তাকে অসম্মান হিসেবে গণ্য করে শাস্তি দেওয়া যাবে না।

দেশপ্রেম আইন করে চাপিয়ে দেওয়ার বিষয় নয় উল্লেখ করে সংস্থাটি জানায়, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দারিদ্র্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক সমস্যাগুলো থেকে জনগণের নজর ঘোরাতে আবেগভিত্তিক বিতর্ক উস্কে দেওয়া হচ্ছে। সরকারকে বিভাজনমূলক নীতি থেকে সরে এসে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নজর দেওয়ার আহ্বান জানিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএকে/