শিরোনাম

পছন্দের শাড়ি কিনে না দেওয়ায় স্বামীকে হত্যা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
পছন্দের শাড়ি কিনে না দেওয়ায় স্বামীকে হত্যা
প্রতীকী ছবি

পছন্দের শাড়ি কিনে না দেওয়া নিয়ে পারিবারিক কলহের জেরে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। অভিযুক্তের নাম সুনিতাদেবী হরেরাম সিং (৩০)। তিনি বিহারের রোহতাস জেলার বাসিন্দা। মঙ্গলবার (২১ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারী প্রথমে মৃত্যুটিকে দুর্ঘটনাজনিত বলে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। পরে তদন্তে হত্যার বিষয় উঠে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই থানে জেলার বাদলাপুর পূর্ব এলাকার বাসায় হরেরাম কিশুনজি সিংহ (৩৫) ও সুনীতাদেবীর মধ্যে শাড়ি কেনা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাগের মাথায় মহিলাটি প্রেশার কুকারের ঢাকনা দিয়ে তাকে আঘাত করেন। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

ঘটনার পর সুনীতাদেবী পুলিশকে জানান, দুর্ঘটনাজনিত কারণে তার স্বামীর মৃত্যু হয়েছে। তার বক্তব্যের ভিত্তিতে প্রথমে একটি অপমৃত্যুর মামলা (এডিআর) নথিভুক্ত করা হয়। তবে সরকারি হাসপাতালের চিকিৎসা প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধের কথা উল্লেখ করা হয়। এরপরই ঘটনার তদন্তের মোড় ঘুরে যায়।

তদন্ত কর্মকর্তারা জানান, ময়নাতদন্তে সহিংস উপায়ে শ্বাসরোধের প্রমাণ পাওয়া গেছে। নিহতের স্বজন ও বাড়ির মালিকের সঙ্গে কথা বলার পর স্ত্রীর বিরুদ্ধে সন্দেহ আরও জোরালো হয়।

বাদলাপুর পূর্ব থানার জ্যেষ্ঠ পরিদর্শক নীতিন পাতিল বলেন, ‘চিকিৎসা প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে, শ্বাসরোধের ফলে অস্বাভাবিকভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরবর্তী তদন্তে নিহতের পরিবারের সদস্য ও বাড়ির মালিকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে স্ত্রীর বিরুদ্ধে সন্দেহের যথেষ্ট ভিত্তি পাওয়া যায়।’

তিনি জানান, মঙ্গলবার একটি স্থানীয় আদালত সুনিতাদেবীকে ২৯ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ঘটনার বিস্তারিত কারণ ও অন্যান্য বিষয় তদন্ত করছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

/জেএইচ/