শিরোনাম

ভারতে বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ, নিহত ১০

সিটিজেন ডেস্ক
ভারতে বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ, নিহত ১০
ভারতে বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ের সাক্তি জেলায় একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২৩ জনেরও বেশি মানুষ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জেলার সিংহিতারাই গ্রামে অবস্থিত বেদান্ত লিমিটেডের বিদ্যুৎ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, কেন্দ্রের একটি বয়লার টিউব ফেটে ভয়াবহ বিস্ফোরণ হয়। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চলছে। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে সিংহিতারাই কেন্দ্রের একটি বয়লার ইউনিটে এ ঘটনাটি ঘটে। ওই ইউনিটের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল এনজিএসএল (NGSL) নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করাই এখন কর্তৃপক্ষের প্রধান অগ্রাধিকার। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এ ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক বলে অভিহিত করেছেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এ ঘটনায় একটি পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে। যারাই এই ঘটনার জন্য দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সূত্র: এনডিটিভি

/এমএকে/