বিশ্ববাজারে কফির দামে ধস, তিন বছরের মধ্যে সর্বনিম্ন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বিশ্ববাজারে কফির দামে ধস, তিন বছরের মধ্যে সর্বনিম্ন
প্রতীকী ছবি

বিশ্ববাজারে অব্যাহত রয়েছে কফির দরপতন। বিশেষ করে রোবাস্তা কফির দাম প্রায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের শীর্ষ রোবাস্তা উৎপাদক ও রপ্তানিকারক দেশ ভিয়েতনামে নতুন মৌসুমের ফসল বাজারে আসতে শুরু করায় সরবরাহ বেড়েছে। পাশাপাশি ব্রাজিলের মুদ্রা রিয়ালের অবমূল্যায়নও আন্তর্জাতিক বাজারে কফির দাম কমার পেছনে ভূমিকা রাখছে।

রবিবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) রোবাস্তা কফির দাম প্রতি টনে ২ হাজার ৮৫৪ ডলারে নেমে এসেছে। প্রায় তিন বছরের মধ্যে এটিই সর্বনিম্ন দর। পরে কিছুটা বেড়ে প্রতি টন ২ হাজার ৮৭৯ ডলারে স্থির হয়। তবে দিন শেষে আগের দিনের তুলনায় দাম ৩ দশমিক ৩ শতাংশ কম ছিল।

এতে বলা হয়েছে, সপ্তাহজুড়ে রোবাস্তা কফির দাম প্রায় ১০ শতাংশ কমার পথে ছিল। এর প্রধান কারণ ভিয়েতনামে নতুন মৌসুমের কফি সংগ্রহ ও বাজারজাত শুরু হওয়া। দেশটিতে ফসল তোলার কার্যক্রম জোরদার হওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়ছে। নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুতে সংগ্রহের গতি আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে সরবরাহ পরিস্থিতির উন্নতির পাশাপাশি দামের ওপর নিম্নমুখী চাপ অব্যাহত থাকতে পারে।

এদিকে, কফির বাজারে প্রভাব ফেলছে ব্রাজিলের মুদ্রার বিনিময় হারও। বিশ্বের অন্যতম প্রধান রোবাস্তা উৎপাদক দেশটিতে স্থানীয় মুদ্রা রিয়ালের দর কমে যাওয়ায় রপ্তানিকারকদের জন্য আন্তর্জাতিক বাজারে কফি বিক্রি তুলনামূলক লাভজনক হয়ে উঠেছে। ফলে ব্রাজিল থেকেও রপ্তানি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

অন্যদিকে, রোবাস্তার মতো অ্যারাবিকা কফির দামেও পতন দেখা গেছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে অ্যারাবিকার দাম ২ শতাংশ কমে প্রতি পাউন্ড ২ দশমিক ৭০৮০ ডলারে নেমে আসে। তবে বাজারে অ্যারাবিকার মজুত তুলনামূলক কম থাকায় এ জাতের কফির দাম পুরোপুরি চাপের মুখে পড়েনি।

এদিকে, কফির পাশাপাশি বিশ্ববাজারে চিনির দামও কমেছে। শুক্রবার (২০ নভেম্বর) অপরিশোধিত চিনির দাম ১ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়ে প্রতি পাউন্ড ১৬ দশমিক ৯০ সেন্টে দাঁড়ায়, যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন। ব্রাজিলে আগামী মৌসুমে চিনি উৎপাদন বাড়ার সম্ভাবনা এবং ভারতের শুল্কমুক্ত অপরিশোধিত চিনি আমদানিতে তুলনামূলক কম আগ্রহের কারণে বাজারে দরপতন হয়েছে।

বিশ্ববাজারে কফির দাম কমে আসায় আমদানিকারক ও ব্যবসায়ীদের জন্য ব্যয় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাব খুচরা পর্যায়ে তাৎক্ষণিকভাবে পড়ার সম্ভাবনা কম। কারণ আমদানিকারক ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত কয়েক মাস আগেই সরবরাহের চুক্তি সম্পন্ন করে। ফলে নতুন দামে কেনা কফি বাজারে পৌঁছানোর পরই ভোক্তা পর্যায়ে এর প্রভাব দৃশ্যমান হতে পারে।

/এসবি/