শিরোনাম

নেপালে ৯০ মার্কিন নাগরিক নিখোঁজ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেপালে ৯০ মার্কিন নাগরিক নিখোঁজ
নেপালে আকস্মিক বন্যায় ধ্বংসযজ্ঞ

নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৩ জনে। এছাড়া আরও অন্তত ২ হাজার ৪০০ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ৯০ জন মার্কিন নাগরিক।

শনিবার (২৯ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ আপডেটে এসব তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বন্যাকবলিত এলাকা থেকে তিন মার্কিন নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মার্কিন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা ৯০ মার্কিন নাগরিকের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিখোঁজ মার্কিন নাগরিকদের অনেকেই তিব্বতের পবিত্র তীর্থস্থান কৈলাস পর্বত ভ্রমণে গিয়েছিলেন। হিন্দু ও বৌদ্ধসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছে এই পর্বত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান।

এদিকে তিব্বত অংশ থেকে অন্তত ৫৫৪ জন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। চীনের গণমাধ্যমগুলো সেখানে ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, নিখোঁজ মার্কিন নাগরিকদের মধ্যে ইশা ফাউন্ডেশনের আয়োজিত একটি তীর্থযাত্রায় অংশ নেওয়া ২২ জনও রয়েছেন। ওই দলের মোট ৮০ সদস্যের অবস্থান এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক নেতা সদগুরু বাসুদেব।

নিখোঁজ মার্কিন নাগরিকদের মধ্যে ওহাইও অঙ্গরাজ্যেল ৪৫ বছর বয়সী ভেনাস রাজনিকান্ত প্যাটেল রয়েছেন। তার হোটেলটি বন্যাকবলিত এলাকায় ছিল। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিউইয়র্কের লং আইল্যান্ডের ৭২ বছর বয়সী জিতেন্দ্র প্যাটেলও নিখোঁজ রয়েছেন। তার ছেলে সানি প্যাটেল জানান, বুধবার সকালে তার বাবা ফোন করে জানিয়েছিলেন যে তিনি তিব্বতে প্রবেশ করেছেন। পরে পরিবার জানতে পারে, তিনি বন্যাকবলিত এলাকার মধ্যে ছিলেন। তার বাবার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলেও জানান তিনি।

বুধবার (২৬ আগস্ট) হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের ফলে আকস্মিক বন্যা নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। এতে নেপালের রাসুয়া জেলার বহু গ্রাম, সড়ক ও অবকাঠামো পানির প্রবল স্রোতে ভেসে গেছে।

রাসুয়া জেলায় বিধ্বংসী আকস্মিক বন্যার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেপালকে পূর্ণ সহায়তার প্রস্তাব দিয়েছেন। তিনি কাদা ও পানির এই স্রোতকে এক অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ হিসেবে বর্ণনা করেছেন।

প্রলয়ংকরী এ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ৫ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের মাধ্যমে এই অর্থ দেওয়া হবে। এই অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি আশ্রয়, ত্রাণসামগ্রী, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সহায়তা দেওয়া হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রয়োজনীয় মানবিক সহায়তা দিয়ে নেপাল সরকারের পাশে দাঁড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন।

সূত্র: বিবিসি, গার্ডিয়ান, নেপাল নিউজ

/জেএইচ/