শিরোনাম

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, নিহত ৫

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, নিহত ৫
ফেরিতে আগুন লাগার দৃশ্য। ছবি: বিবিসি

ফিলিপাইনে পালাওয়ান প্রদেশে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ৮৬ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) ম্যানিলা থেকে পর্যটকদের কাছে জনপ্রিয় স্থান করোনের দিকে যাওয়ার সময় এমভি জুন অ্যাস্টার ফেরিতে এ আগুন লাগে। এর পরপরই ফেরিটিতে থাকা যাত্রী ও ক্রুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আগুন থেকে বাঁচতে পানিতে ঝাঁপ দেন।

ফিলিপাইন কোস্টগার্ড জানিয়েছে, ফেরিটিতে মোট ১৩৪ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের মধ্যে ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও ৮৬ জন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৯ জন ফেরির যাত্রী এবং বাকি চারজন নাবিক ছিলেন।

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানান, আগুন লাগার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। নিখোঁজদের সন্ধানে ব্যাপক তৎপরতা চলছে।

কোরন ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের অন্যতম অবকাশ কেন্দ্র। সেখানকার স্বচ্ছ নীল পানি, দ্বীপপুঞ্জ ও প্রবালপ্রাচীরের কারণে দেশ-বিদেশের পর্যটকদের কাছে এলাকাটি ব্যাপক জনপ্রিয়। ফলে ফেরিটিতে পর্যটকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

করোনের মার্সিলা গ্রামের উপকূল থেকে প্রায় ১.২ নটিক্যাল মাইল (২.২ কিমি) দূরে এটিতে আগুন লেগেছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল ঢেউয়ের কারণে জাহাজটি ভেসে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ফেরিটিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

/জেএইচ/