শিরোনাম

জাভা সাগরে জাহাজ নিখোঁজ: ১১৫ যাত্রীকে জীবিত উদ্ধার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জাভা সাগরে জাহাজ নিখোঁজ: ১১৫ যাত্রীকে জীবিত উদ্ধার
নিখোঁজ জাহাজের যাত্রীদের আত্মীয়রা সর্বশেষ তথ্যের জন্য অপেক্ষা করছেন এবং অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার একজন কর্মকর্তা হোয়াইটবোর্ডে লিখছেন। ছবি: আল জাজিরা

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তনে যাওয়ার পথে জাভা সাগরে ২৪৩ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। বৈরী আবহাওয়ার কবলে পড়ে নিখোঁজ হওয়া ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই জরুরি উদ্ধার অভিযান শুরু করে দেশটির কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত এই ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি যাত্রীদের খোঁজে সাগরে তল্লাশি অভিযান এখনো অব্যাহত রয়েছে।

ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, সুরাবায়া থেকে ছেড়ে আসা জাহাজটি দক্ষিণ কালিমন্তানের বানজারমাসিন শহরের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় শনিবার (১২ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে বানজারমাসিনের প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে এর সর্বশেষ অবস্থান রেকর্ড করা হয়েছিল। এরপরেই জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী জাহাজ ও একটি বিশেষ হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি জাভা সাগরের ওই অঞ্চলে চলাচলকারী অন্য সব জাহাজকেও বাড়তি সতর্কতায় রাখা হয়েছে। সাগরে ভাসমান অবস্থায় কোনো যাত্রীর সন্ধান পাওয়া মাত্রই তা দ্রুত রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। নিখোঁজ বাকি যাত্রীদের উদ্ধারে সবকটি দল যৌথভাবে কাজ করে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/