শিরোনাম

যুক্তরাষ্ট্রে গাড়ির ৪ চাকা চুরি করে চিরকুট রেখে গেলেন চোরেরা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্রে গাড়ির ৪ চাকা চুরি করে চিরকুট রেখে গেলেন চোরেরা
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

যুক্তরাষ্ট্রে এক ভারতীয় নারীর ভাইয়ের গাড়ি থেকে চারটি চাকাই খুলে নিয়ে গেছে চোরেরা। তবে চাকার জায়গায় তারা ফেলে রেখে গেছে একটি বিস্ময়কর চিরকুট! সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্রিস্টাল হাউস এলাকার একটি পার্কিং লটে গত সপ্তাহের শেষে ঘটনাটি ঘটে। সকালে ঘুম থেকে উঠে ওই তরুণীর ভাই দেখতে পান, গাড়ির চারটি চাকাই গায়েব, আর পুরো গাড়িটি দাঁড়িয়ে আছে শক্ত কোনো ভরের ওপর। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এলেও পুলিশের পক্ষ থেকে কিংবা স্বাধীনভাবে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে ওই এক রাতেই ওই এলাকার অন্তত তিনটি গাড়ি ভাঙচুর ও চাকা চুরির শিকার হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো চোরদের রেখে যাওয়া বার্তাটি। গাড়ির কাছে ফেলে যাওয়া নোটে চোরেরা ক্রিস্টাল হাউসের পার্কিং এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে। একই সঙ্গে সেখানকার নিরাপত্তাব্যবস্থা জোরদারে আবাসন কর্তৃপক্ষকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেয় তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি নিয়ে চলছে নানান মন্তব্য। অনেকেই ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গাড়ি নিরাপদে রাখতে ‘হুইল লক’ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের কিছু এলাকার অপরাধের হার নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কেউ কেউ। আবার অনেকে পুরো বিষয়টি নিয়ে কিছুটা ব্যঙ্গ করে বলছেন, চোরেরা গাড়িটিকে আছড়ে মাটিতে না ফেলে উঁচুতে বসিয়ে রেখে গেছে- মালিকের প্রতি যেন এটি এক অদ্ভুত সতর্কবার্তা বা ‘শিক্ষা’।

সূত্র: এনডিটিভি

/এমএকে/