ট্যাঙ্কারের ধাক্কায় আংশিক ডুবলো ৫ তলা প্রমোদতরি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ট্যাঙ্কারের ধাক্কায় আংশিক ডুবলো ৫ তলা প্রমোদতরি
কাত হয়ে আংশিক ডুবে যায় প্রমোদতরি

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে একটি তেলবাহী ট্যাঙ্কার এক প্রমোদতরিকে ধাক্কা দিয়েছে। এতে ৫ তলা আকারের প্রমোদতরিটি আংশিকভাবে পানিতে ডুবে যায়। প্রমোদতরিটিতে ১২৯ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় ৩২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় দুপুর প্রায় সাড়ে ১২টায় মিসিসিপি নদীতে এ ঘটনা ঘটে। আটলান্টিক অ্যাসফাল্ট নামের ওই ট্যাঙ্কার আমেরিকান হেরিটেজ প্যাডেলবোটকে ধাক্কা দেয়। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা আগেই যাত্রীদের নামানোর জন্য প্রমোদতরিটি নোঙর করেছিল।

নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, আমেরিকান হেরিটেজ জাহাজের সকল যাত্রীর খোঁজ পাওয়া গেছে। তাদের মধ্যে ৩২ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে কারও আঘাতই গুরুতর নয়।

তিনি বলেন, আটলান্টিক অ্যাসফাল্ট ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্রুজ জাহাজটিকে ধাক্কা দেয়। সে সময় যাত্রীরা নামতে শুরু করেন। পরে জাহাজটি ডুবতে শুরু করে এবং অবশেষে কাত হয়ে উল্টে যায়। এতে যাত্রীরা পানিতে পড়ে যায়।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, বড় আকারের ট্যাঙ্কারটি প্যাডেলহুইল প্রমোদতরিটিকে ধাক্কা দিচ্ছে। এর ফলে ধাতু ও কাচ ভেঙে চুরমার হয়ে যায়। লাইফ জ্যাকেট পরা এক ডজনের বেশি যাত্রীকে নদী থেকে উদ্ধার করে কাছাকাছি থাকা জাহাজে তোলা হয়। সে সময় নদীর পানির তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস বা ৬৬ ডিগ্রি ফারেনহাইট। প্রমোদতরিটি ক্রমেই পানির দিকে কাত হয়ে যেতে থাকার সময় কয়েকজন যাত্রীকে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এক প্রত্যক্ষদর্শী জানান, ‘ধাক্কা লাগার ১৫ মিনিটের মধ্যেই জাহাজটি উল্টে যায়।’

প্রমোদতরিটির পরিচালনাকারী প্রতিষ্ঠান আমেরিকান ক্রুজ লাইন্স জানিয়েছে, যাত্রী ও কর্মীদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

২০১৫ সালে নির্মিত ৫ তলা ‘আমেরিকান হেরিটেজে’ সর্বোচ্চ ১৫০ জন যাত্রী ধারণের সক্ষমতা রয়েছে। লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন গন্তব্যে ৮ দিনের ভ্রমণ শেষে এটি ফিরছিল।

অন্যদিকে, ১৬০ মিটার বা ৫২০ ফুট দীর্ঘ ট্যাঙ্কারটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকা নিয়ে চলছিল। এটি নিউ অরলিন্সের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক। তবে সংঘর্ষের কারণ কী ছিল এবং দুর্ঘটনার সময় ট্যাঙ্কারটিতে কোনো পণ্য বোঝাই ছিল কি না, তা এখনো জানা যায়নি।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/