ইরান ইস্যুতে অলোচনা করতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরান ইস্যুতে অলোচনা করতে ওয়াশিংটনে মোসাদপ্রধান
মোসাদের পরিচালক রোমান গোফম্যান

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গোফম্যান। বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ এ সহযোগী সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠকের পাশাপাশি হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করতে মায়ামিও যাবেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে মোসাদ, সিআইএ বা হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।

ইরানে পুনরায় হামলা শুরু করতে নেতানিয়াহু চাপ দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত তা প্রত্যাখ্যান করেছেন। ৫ নভেম্বর এক ফোনালাপে নেতানিয়াহুকে এ বিষয়ে সায় দেননি ট্রাম্প। বরং সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পরামর্শে ইরানের ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ অব্যাহত রেখে সমঝোতার পথ খুঁজছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ট্রাম্প বলেন, আমি এটা অবিলম্বে শেষ করে দিতে পারতাম। কিন্তু আমি যে দেশগুলোকে রক্ষা করতে চাই, তাদের অনুরোধে আমরা কাজটি আরেকটু দীর্ঘ পথে, আরেকটু বেশি সভ্যভাবে করছি। তিনি আরও বলেন, সৌদি আরব আমাকে অনুরোধ করেছে যেন আপাতত পরিস্থিতিটা এভাবেই চলতে দেওয়া হয়, কারণ ইরান ভেঙে পড়ছে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন- এরা সবাই অপেক্ষা করতে চাইছে।

এদিকে, ২৭ অক্টোবরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানো নেতানিয়াহুকে হটিয়ে নতুন সরকার গঠনের ম্যান্ডেট পেয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। বিরোধী দলগুলোর আশঙ্কা, আইজেনকটের সরকার গঠন ভণ্ডুল করতে নেতানিয়াহু ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর চেষ্টা করতে পারেন। বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে দুই ঘণ্টার বৈঠকের পর আইজেনকট তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের প্রয়োজন নাকচ করে দিয়েছেন।

সূত্র: অ্যাক্সিওস

/এমএকে/