নর্থহ্যাম্পটনের হারে কাউন্টির প্রথম বিভাগে খালেদ-হাসানদের কেন্ট

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নর্থহ্যাম্পটনের হারে কাউন্টির প্রথম বিভাগে খালেদ-হাসানদের কেন্ট
হাসান মাহমুদ ও খালেদ আহমেদ

কাউন্টি চ্যাম্পিয়নশিপের পরের মৌসুমে ডিভিশন ওয়ানে খেলার আশা বাঁচিয়ে রাখতে শেষ রাউন্ডে জয়ের বিকল্প ছিল না নর্থহ্যাম্পটনের। কিন্তু মিডলসেক্সের বিপক্ষে তাদের হারে প্রথম বিভাগে খেলা নিশ্চিত হয়েছে কেন্টের।

লর্ডসে শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিভিশন টু-এর লড়াইয়ে মিডলসেক্সের কাছে ৭ উইকেটে হেরেছে নর্থহ্যাম্পটন। তাতে ১৯১ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে মৌসুম শেষ করে তারা।

১৯৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে ক্যান্টারবুরিতে শেষ রাউন্ডের খেলা শুরু করে কেন্ট। গ্লস্টারশায়ারের বিপক্ষে তারা ম্যাচ জিতেছে ৮ উইকেটে। তাতে এখন কেন্টের পয়েন্ট ২১৪। ২৪৯ নিয়ে শীর্ষে থাকা ডারহাম আগেই ডিভিশন ওয়ানে খেলা নিশ্চিত করেছে।

সবশেষ ২০২৪ সালে ডিভিশন ওয়ানে খেলে কেন্ট। দুই মৌসুম পর ক্লাবটির প্রথম বিভাগে ফেরায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

গ্লস্টারশায়ারের বিপক্ষে দুই ইনিংসে ৫ উইকেট নিয়েছেন খালেদ। এর আগে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৭ উইকেটে জয়ের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেন। ডার্বিশায়ারের বিপক্ষে হারের ম্যাচে পান ৩ উইকেট।

আর হাসান কাউন্টিতে অভিষেকেই ৯ উইকেট নিয়ে তিনি জেতান দলকে। পরের ম্যাচগুলোতেও ধরে রাখেন সেই পারফরম্যান্স। ৪ ম্যাচে শিকার করেন ২৬ উইকেট। হাসানের খেলা চার ম্যাচের তিনটিই জিতেছে কেন্ট। কিন্তু শেষ দুই রাউন্ড বাকি থাকতে তাকে দেশে ফিরিয়ে আনে বিসিবি।

/টিই/