শিরোনাম

মৃত্যুদণ্ড কার্যকরে ৩ পদ্ধতি অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
মৃত্যুদণ্ড কার্যকরে ৩ পদ্ধতি অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স

ফেডারেল অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ফায়ারিং স্কোয়াড, বিদ্যুৎস্পৃষ্ট করা এবং গ্যাসের মাধ্যমে শ্বাসরোধের মতো তিনটি নতুন পদ্ধতি নিয়ে কাজ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। প্রাণঘাতী ইনজেকশনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক বা ওষুধ সংগ্রহে ক্রমবর্ধমান জটিলতার প্রেক্ষিতে বিকল্প হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন বিচার বিভাগের একটি সাম্প্রতিক প্রতিবেদনে এ নতুন পদ্ধতিগুলো ব্যবহারের সুপারিশ করা হয়েছে, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি বাস্তবায়নেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। ২০২১ সালে নিজের প্রথম মেয়াদ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ২০ বছরের দীর্ঘ বিরতি ভেঙে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড পুনরায় চালু করেছিলেন ট্রাম্প। সে সময় দায়িত্ব ছাড়ার আগের মাত্র কয়েক মাসে প্রাণঘাতী ইনজেকশন ব্যবহারের মাধ্যমে ১৩ জন ফেডারেল বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা গত ৫০ বছরের পরিসংখ্যানের তুলনায় নজিরবিহীন। কারণ ওই সময়ে মাত্র তিনটি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।

যুক্তরাষ্ট্রে সাধারণত অধিকাংশ মৃত্যুদণ্ড রাজ্য সরকারগুলোর অধীনে কার্যকর হলেও ট্রাম্প প্রশাসন এখন ফেডারেল পর্যায়েও এর ব্যাপক বিস্তৃতি ঘটাতে চাইছে। হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প তার পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপিত ফেডারেল মৃত্যুদণ্ড স্থগিতের নির্দেশটি বাতিল করেন।

বর্তমানে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ দেশজুড়ে ৪০ জনেরও বেশি আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করছে, যদিও এসব মামলার বিচারপ্রক্রিয়া শেষ হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। বিচার বিভাগের ৫২ পৃষ্ঠার প্রতিবেদনের ভূমিকায় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ মন্তব্য করেছেন, বাইডেন প্রশাসনের দেওয়া স্থগিতাদেশটি মূলত ফেডারেল মৃত্যুদণ্ড ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছিল। তার মতে, এর ফলে ভুক্তভোগী পরিবার, সমাজ এবং পুরো দেশ এক অনাকাঙ্ক্ষিত পরিণতি বহনে বাধ্য হয়েছে। মূলত ফেডারেল বিচারব্যবস্থাকে আরও কঠোর করার লক্ষ্যেই ট্রাম্প প্রশাসন এ বিতর্কিত অথচ জোরালো পদক্ষেপগুলো গ্রহণের পথে হাঁটছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/