ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি লুৎফর রহমান

ঢাকা কলেজ সংবাদদাতা
ঢাকা কলেজ সংবাদদাতা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি লুৎফর রহমান
অধ্যাপক মো. লুৎফর রহমান

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ১১ (১) ধারা অনুযায়ী অধ্যাপক মো. লুৎফর রহমানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগে অবসর গ্রহণের বয়সসীমা পূর্ণ হলে অবসর গ্রহণের তারিখ পর্যন্ত তিনি দায়িত্বে থাকতে পারবেন।

নিয়োগপ্রাপ্ত উপাচার্য তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অধ্যাপক লুৎফর রহমানকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

মো. লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তী সময়ে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

/এসআর/