বার পরীক্ষায় ফেল, তবু ‘অ্যাটর্নি’ পরিচয় ট্রাম্পের প্রেস সেক্রেটারির

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বার পরীক্ষায় ফেল, তবু ‘অ্যাটর্নি’ পরিচয় ট্রাম্পের প্রেস সেক্রেটারির
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারাইয়া প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারাইয়ার পেশাগত পরিচয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ক্যালিফোর্নিয়ায় বার পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘অ্যাটর্নি’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া একাধিক পোস্ট শেয়ার করেছেন তিনি। টেলিভিশন ও পডকাস্টের সাক্ষাৎকারেও নিজেকে আইনজীবী বলে পরিচয় দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের পর্যালোচনা অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক্স ও ট্রুথ সোশ্যালে অন্তত ১৫টি পোস্ট শেয়ার করেন জাকারাইয়া, যেখানে তাকে ‘অ্যাটর্নি’ বলা হয়েছিল। এসব পোস্টের মধ্যে ফক্স নিউজ ও ওয়ান আমেরিকা নিউজের বিভিন্ন প্রতিবেদনও ছিল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জাকারাইয়া স্বীকার করেন, ২০১১ সালে প্রথমবার বার পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তিনি আর পরীক্ষা দেননি। ওই বছর পেপারডাইন ইউনিভার্সিটির কারুসো স্কুল অব ল থেকে আইন বিষয়ে স্নাতক হন তিনি।

জাকারাইয়া জানান, পেশাগত পরিচয় ব্যবহারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টসহ কয়েকজনের পরামর্শ নিয়েছিলেন। তারা তাকে ‘আইনজীবী’ বলতে সম্মতি দিলেও ‘অ্যাটর্নি’ বা ‘এসকোয়ার’ পরিচয় ব্যবহার না করার পরামর্শ দিয়েছিলেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পরিচয়সংবলিত পোস্ট শেয়ার করার বিষয়ে তার বক্তব্য, অন্যদের করা পোস্ট পুনরায় প্রকাশ করেছিলেন তিনি। এর মাধ্যমে ওই পরিচয়কে সমর্থন করা তার উদ্দেশ্য ছিল না।

চীনে আইনি প্রতিষ্ঠানে কাজ

২০২৩ সালে একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে জাকারাইয়া জানান, আইন বিষয়ে পড়াশোনা শেষে তিনি চীনের বেইজিংয়ে চলে যান। সেখানে প্রায় দুই থেকে আড়াই বছর আইনি খাতে কাজ করেন।

রিয়েল আমেরিকাস ভয়েসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চীনে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের বার পরীক্ষার ফলকে আর গুরুত্বপূর্ণ মনে করেননি। তার দাবি, ঝং লুন নামের একটি আইন প্রতিষ্ঠানের আন্তর্জাতিক বিভাগে কাজ করার সময় কয়েক মিলিয়ন ডলারের শেয়ারহোল্ডার চুক্তি নিয়ে কাজ করেছেন।

তবে আইন বিষয়ে ডিগ্রি থাকা এবং আইন পেশা পরিচালনার অনুমতি পাওয়া এক বিষয় নয়। ক্যালিফোর্নিয়ায় আইনজীবী হিসেবে কাজ করতে বার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রয়োজনীয় লাইসেন্স নিতে হয়।

ক্যালিফোর্নিয়ার স্টেট বার সিএনএনকে জানিয়েছে, জাকারাইয়া ওই অঙ্গরাজ্যে আইন পেশা পরিচালনার লাইসেন্স পেয়েছেন, এমন কোনো রেকর্ড তাদের কাছে নেই। তবে গোপনীয়তার বিধানের কারণে তিনি বার পরীক্ষায় অংশ নিয়েছিলেন কি না, সে বিষয়ে মন্তব্য করেনি সংস্থাটি।

তদন্তের দাবি, পাশে হোয়াইট হাউস

জাকারাইয়ার যোগ্যতা নিয়ে বিতর্ক নতুন করে আলোচনায় আসে অনুসন্ধানী নিউজলেটার পপুলার ইনফরমেশনের একটি প্রতিবেদন প্রকাশের পর। এতে তিনি আদৌ বার পরীক্ষায় অংশ নিয়েছিলেন কি না, সে প্রশ্ন তোলা হয়।

এরপর এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তার নতুন প্রেস সেক্রেটারি কোন অঙ্গরাজ্যে বার পরীক্ষায় পাস করেছেন। জাকারাইয়া জবাবে চীনে চলে যাওয়ার কথা বলেন। পরে নিউইয়র্ক টাইমসকে তিনি ব্যাখ্যা দেন, হেলিকপ্টারের শব্দে প্রশ্নটি ঠিকমতো শুনতে না পেরে তার ধারণা হয়েছিল, আইন স্কুল শেষ করার পর কোথায় গিয়েছিলেন, তা জানতে চাওয়া হচ্ছে।

এদিকে ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটি নামের একটি নজরদারি সংস্থা জাকারাইয়া তার আইনি যোগ্যতা যথাযথভাবে তুলে ধরেছেন কি না, তা খতিয়ে দেখতে ক্যালিফোর্নিয়ার স্টেট বারের কাছে তদন্তের আবেদন জানিয়েছে।

তবে হোয়াইট হাউস তার পক্ষ নিয়েছে। এক মুখপাত্র বলেছেন, ট্রাম্প ও তার প্রশাসনের কার্যক্রম তুলে ধরার জন্য জাকারাইয়া বিশেষভাবে যোগ্য ও মেধাবী।

/এমআর/