ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালের
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন।

এডিস মশাবাহিত এ রোগে এ নিয়ে চলতি বছর ৩৬৪ জনের প্রাণ গেল। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়ালো ১ লাখ ১৬ হাজার ৯৯০ জনে।

বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া ৭ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৭১ জন ভর্তি হয়েছেন। দক্ষিণ সিটি এলাকার হাসপাতালে ভর্তি হন ২১১ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩২০ জন।

অন্য বিভাগের মধ্যে বরিশালে ২২৫ জন, চট্টগ্রামে ১৯৭ জন, খুলনায় ১৫৫ জন, ময়মনসিংহে ৪৫, রাজশাহী ১১১, রংপুরে ২৮ এবং সিলেটে ১০ জন ভর্তি হয়েছেন।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের। শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

/এফসি/