শিরোনাম

করপোরেট মডেলে সেবা দিতে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

করপোরেট মডেলে সেবা দিতে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতাল। ফাইল ছবি

দেশেই বিশ্বমানের এবং করপোরেট মডেলে স্বাস্থ্যসেবা দিতে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল। জটিল চিকিৎসার জন্য রোগীদের যাতে বিদেশে যেতে না হয় সেজন্যই রাজধানীর শাহবাগে নির্মিত হয়েছে এই হাসপাতাল।

হাসপাতাল ‍সূত্রে জানা গেছে, ৭৫৮ শয্যার এই হাসপাতালে প্রধানত পাঁচটি বিশেষ সেন্টারের মাধ্যমে সেবা দেওয়া হয়। এগুলো হচ্ছে কার্ডিও এবং সেরিব্রোভাসকুলার সেন্টার, হেপাটোবিলিয়ারি ও লিভার ট্রান্সপ্লান্ট সেন্টার, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা সেন্টার, কিডনি রোগ ও ইউরোলজি সেন্টার এবং অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার।

এছাড়া এখানে রয়েছে ১৪টি আন্তর্জাতিক মানের মডুলার অপারেটিং থিয়েটার এবং ১০০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। জটিল রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক এমআরআই, সিটি স্ক্যান এবং সম্পূর্ণ আধুনিক ল্যাবরেটরি চালু রয়েছে।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ভেতরে ও বাইরে পরিস্কার–পরিচ্ছন্ন এবং নান্দনিক পরিবেশ। হাসপাতালের নিচতলায় রোগী ও স্বজনদের জন্য বসার সুন্দর জায়গা।

বেজডমেন্টে গাড়ি পার্কিংয়ের বড় জায়গা। সেখানে সার্বক্ষনিক সিসিটিভি ক্যামেরা ছাড়াও নিরাপত্তার জন্য আনসার সদস্যরা রয়েছেন।

হাসপাতাল ভবনের নবম তলা, অষ্টম তলাসহ কয়েকটি তলায় কেবিন ব্লক রয়েছে। কেবিনের ভেতর অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন। এখানে রোগ নির্ণয়ের অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে।

হাসপাতালটি চিকিৎসা সেবার খরচ সাধারণ সরকারি হাসপাতালের চেয়ে বেশি। তবে এটি বেসরকারি হাসপাতালের তুলনায় সাশ্রয়ী। বহির্বিভাগে সেবা নেওয়ার জন্য সরাসরি অথবা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। এখানে ১৫টি বিভাগ চালু হয়েছে।

সুপার স্পেশালাইজড হাসপাতালটিকে কোম্পানি আইনের অধীনে একটি করপোরেট প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর করতে বিদ্যমান আইনের একটি সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বর্তমানের আমলাতান্ত্রিক জটিলতা এড়ানো এবং হাসপাতালটিকে স্বায়ত্তশাসিত মডেলে পরিচালনার জন্য এই আইনি সংস্কার করা হচ্ছে।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সি সিজেডএন টোয়েন্টিফোরকে বলেন, ‘করপোরেট সেবা দেওয়ার জন্য এটিকে এই কোম্পানি আইনে রূপান্তর করা হচ্ছে। এখানে ৯০ শতাংশ শেয়ার থাকবে বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কাছে এবং বাকি ১০ শতাংশ শেয়ার থাকবে সরকারের অধীনে।’ হাসপাতালের সেবার মান ও পরিচ্ছন্নতা ধরে রাখতে সার্বক্ষনিক তারা তদারকি করছেন বলে জানান তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের সেবার মান ও পরিচ্ছন্নতা ধরে রাখতে সার্বক্ষনিক তদারকি করা হচ্ছে। সেবা ও ব্যবস্থাপনার মানে এই হাসপাতালকে এভারকেয়ার, স্কয়ার বা ইউনাইটেড হাসপাতালের মতো শীর্ষ বেসরকারি হাসপাতালগুলোর স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। করপোরেট মডেলে পরিচালনার কারণে সাধারণ সরকারি হাসপাতালের তুলনায় এখানে চিকিৎসার খরচ স্বাভাবিকভাবেই বেশি হবে। নামি বেসরকারি হাসপাতালে যেখানে আইসিইউর খরচ দৈনিক প্রায় ১ লাখ টাকা এবং বিএমইউর সাধারণ হাসপাতালে ১৫-২০ হাজার টাকা সেখানে সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউ খরচ এর মাঝামাঝি দিনে প্রায় ৫০ হাজার টাকা হতে পারে।

/বিবি/