সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তরের লোগো

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

অফিস আদেশ বলা হয়েছে, সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া যাবে না এবং একই সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না। এমতাবস্থায়, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. নূরুল ইসলামকে পত্র প্রেরণের মাধ্যমে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন আছে।

এতে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভার কার্যবিবরণীর ৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ওই কার্যবিবরণীর আলোকে সিদ্ধান্তটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

/এসবি/