সেভেন-আপে মানহীন উপাদান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেভেন-আপে মানহীন উপাদান
প্রতীকী ছবি

নির্ধারিত মানের চেয়ে অধিক পরিমাণে রাসায়নিক ব্যবহারের অভিযোগে কোমল পানীয় সেভেন-আপ-এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিমিন রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান বুধবার (১৪ অক্টোবর) এ মামলা দায়ের করেন।

ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত অভিযোগটি আমলে নিয়ে তার বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১৬ নভেম্বর তাকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার আরজি সূত্রে জানা যায়, খিলগাঁও এলাকার ব্রাদার্স কম্পিউটার অ্যান্ড কনফেকশনারি থেকে সেভেন আপ ন্যাচারাল লেমন ফ্লেভার এক্সট্রা ফিজের একটি বোতল নমুনা হিসেবে সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে তা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়। ল্যাব টেস্টে ছয়টি মানদণ্ডের মধ্যে তিনটিতেই গুরুতর ব্যত্যয় পাওয়া গেছে। নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত রাসায়নিক দ্রব্য মিশিয়ে পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ ও বিক্রয় করা হয়েছে। এটি মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা, ২০১৭-এর পরিপন্থী।

ল্যাব প্রতিবেদনে দেখা যায়, সেভেন-আপের নমুনায় কৃত্রিম মিষ্টি তৈরির রাসায়নিক এসিসালফেম পটাশিয়াম প্রতি লিটারে সর্বোচ্চ ৩০০ মিলিগ্রাম থাকার কথা থাকলেও পাওয়া গেছে ৪৫০ মিলিগ্রাম। একইভাবে আসপারটেইম-এর সর্বোচ্চ সীমা ৭০০ মিলিগ্রাম হলেও নমুনায় মিলেছে ১ হাজার মিলিগ্রাম।

তবে এ মামলার বিষয়ে ট্রান্সকম বেভারেজেস লিমিটেড বা অভিযুক্ত এমডি সিমিন রহমানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

/এমএকে/