যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে শিশুসহ নিহত ৬

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে শিশুসহ নিহত ৬
বিমান বিধ্বস্তের ঘটনা স্থলে উদ্ধারকর্মীরা

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ ছয়জনের প্রাণহানি ঘটেছে।

সাক কাউন্টি শেরিফ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উইসকনসিন ডেলসের কাছে এ ঘটনাটি ঘটে। ছয় আসনের এক ইঞ্জিন বিশিষ্ট বিমানটি কেনোশা থেকে মেনোমনি শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ডেলোনা শহরের মিরর লেক স্টেট পার্কের কাছে ঘন জঙ্গলে বিমানটি বিধ্বস্ত হয়। সে সময় আকাশজুড়ে বজ্রসহ ঝড় ও তীব্র বৃষ্টিপাত হচ্ছিল।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটার ঠিক আগমুহূর্তে বিমানটি ২৪,০০০ ফুট উচ্চতায় উড়ছিল। এ সময় পাইলট আকাশে বরফ জমে যাওয়ার কথা জানিয়ে নিচে নামার অনুরোধ জানান। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে অবতরণের অনুমতি পাওয়ার পর বিমানটি ডানদিকে মোড় নিয়ে নিচে নামতে শুরু করে। কিন্তু এর গতি দ্রুত বাড়তে থাকে এবং একপর্যায়ে রাডার ও যোগাযোগ ব্যবস্থা থেকে বিমানটির সিগন্যাল চিরতরে হারিয়ে যায়।

শেরিফ বিভাগ জানিয়েছে, রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় বিমান বিধ্বস্ত হওয়ার বেশ কয়েকটি জরুরি কল আসে। পরে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে বিমানটিতে থাকা পাঁচজন প্রাপ্তবয়স্ক ও এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বিমানটি জঙ্গলে বিধ্বস্ত হওয়ায় কোনো ঘরবাড়ি বা সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। তদন্তের স্বার্থে নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

সূত্র: এপি

/এমএকে/