শিরোনাম

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেলো

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেলো
নায়িকা অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে ফের গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি নাকি সিঙ্গাপুরে গোপনে বিয়ে করেছেন। তবে এ প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি নায়িকা।

নায়িকার দ্বিতীয় বিয়ের গুঞ্জনের মধ্যেই এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। অপু বিশ্বাসের বিয়ের খবর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই জেনেছেন বলে উল্লেখ করেন। তবে এর সত্যতা সম্পর্কে তার কাছে কোনো নিশ্চিত তথ্য নেই বলে জানান।

গৌতম সাহা বলেন, খবরটি সত্য হলে আমি অপু বিশ্বাসকে শুভেচ্ছা জানাবো। যদি গুঞ্জন হয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই। তার ভাষায়, অপু বিশ্বাস নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন।

এদিকে, অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রীর কোরিওগ্রাফার মাহফুজ কাদরী।

তিনি বলেন, ‘গৌতম সাহা অনেক বছর ধরেই অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছেন না। এমন একটি বিষয়ে মন্তব্য না করাই তার জন্য ভালো হতো। কারণ, তিনি অপু বিশ্বাসের বর্তমান ব্যক্তিগত জীবন সম্পর্কে অবগত নন।’

তিনি আরও জানান, কাজের প্রয়োজনে অপু বিশ্বাসকে প্রায়ই দেশের বাইরে যেতে হয়। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কোথাও ভ্রমণে গেলে সেটিও শাকিব খান ও তার পরিবারের জানা থাকে।

তার কথায়, ‘অপু বিশ্বাস এখন পুরোপুরি ছেলে জয় এবং নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে যে দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো সত্যতা নেই। এমন কোনো সিদ্ধান্ত নিলে অপু বিশ্বাস নিজেই সবার সঙ্গে বিষয়টি ভাগ করে নেবেন।’

সাক্ষাতকারে এই ফ্যাশন কোরিওগ্রাফার আরও বলেন, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস মানসিকভাবে কঠিন সময় পার করেছিলেন। সেই সময় তিনি তার পাশে ছিলেন, নিয়মিত কথা বলে সাহস জুগিয়েছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে উৎসাহ দিয়েছেন।

/এসআর/