বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম

দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন গায়ক, অভিনেতা ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ।

বিবৃতিতে তারা বলেন, একসঙ্গে কাটানো সময় এবং জমে থাকা স্মৃতিগুলোর জন্য তারা পরস্পরের কাছে কৃতজ্ঞ। তাদের মধ্যে এখনো যত্ন ও শ্রদ্ধাবোধ রয়েছে। তবে সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার ঘাটতির কারণে আলাদা থাকাই দুজনের জন্য ভালো হবে।

দীর্ঘ সময় ধরে ভেবেচিন্তে এবং দুজনের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তারা। পরিবারের সমর্থন নিয়ে এখন তারা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

এ সময় বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের ব্যক্তিগত বিষয় ও গোপনীয়তার প্রতি সংবেদনশীল থাকার অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। একই সঙ্গে এই কঠিন সময়ে তাদের প্রতি সমর্থন ও বোঝাপড়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

প্রীতম ও শেহতাজের সম্পর্কের শুরু প্রেমের মধ্য দিয়ে। পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের ২৮ অক্টোবর তারা বিয়ে করেন। প্রীতম হাসান সংগীতের পাশাপাশি অভিনয় ও সংগীত পরিচালনায়ও পরিচিত। অন্যদিকে মডেলিং ও অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান শেহতাজ মনিরা হাশেম।

/এমআর/