শিরোনাম

নতুন প্রেমিকা নিয়ে প্রকাশ্যে ব্র্যাড পিট

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
নতুন প্রেমিকা নিয়ে প্রকাশ্যে ব্র্যাড পিট
ইনেস ডি র‍্যামনের সঙ্গে ব্র্যাড পিট

অবশেষে দীর্ঘদিনের প্রেমিকা ইনেস ডি র‍্যামনের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে এনেছেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এই প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সম্পর্কের স্বীকৃতি দিলেন এই অভিনেতা।

সম্প্রতি সংগীতশিল্পী তারকা টেলর সুইফট ও ফুটবলার ট্রাভিস কেলসির বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন ব্র্যাড পিট ও ইনেস ডি র‍্যামন। অনুষ্ঠান পরবর্তী সময়ে ইনস্টাগ্রামে প্রকাশিত কয়েকটি ছবিতে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়ে। এরপরই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা।

ব্র্যাড ও ইনেসের প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায় ২০২২ সালে। তবে এতদিন তারা নিজেদের ব্যক্তিগত সম্পর্ক জনসমক্ষে আনেননি। এবার প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে যুগল উপস্থিতির মাধ্যমে সেই সম্পর্কের আনুষ্ঠানিক ইঙ্গিত দিলেন এই জুটি।

এর আগে, ব্র্যাড পিটের সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে। ২০০৫ সালে তাদের প্রেমের শুরু, পরে ২০১৪ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। তবে ২০১৬ সালে অ্যাঞ্জেলিনা বিবাহবিচ্ছেদের আবেদন করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালে তাদের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

ব্র্যাড ও অ্যাঞ্জেলিনার ছয় সন্তান রয়েছে। বিচ্ছেদের পর সন্তানদের অভিভাবকত্ব, সম্পত্তি এবং অন্যান্য আইনি বিষয় নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই সাবেক তারকা দম্পতি।

অন্যদিকে, ইনেস ডি র‍্যামন এর আগে অভিনেতা পল ওয়েসলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০১৯ সালে তাদের বিয়ে হলেও ২০২২ সালে সেই দাম্পত্যের ইতি ঘটে।

/এসবি/