শিরোনাম

‘আমিও তো রক্তমাংসের মানুষ’, বলেই কাঁদলেন নিশো

নিজস্ব প্রতিবেদক
‘আমিও তো রক্তমাংসের মানুষ’, বলেই কাঁদলেন নিশো
দম সিনেমার প্রেক্ষাপট ও নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কাঁদেন আফরান নিশো। ছবি: সিটিজেন জার্নাল

ঈদে মুক্তি পাওয়া দম সিনেমাটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটি যেমন আলোচনায়, তেমনি এর গল্পও স্পর্শ করেছে দর্শকের হৃদয়। ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে এক সংবাদ সম্মেলনে আবেগ ধরে রাখতে পারেননি অভিনেতা আফরান নিশো।

সম্প্রতি আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী পূজা চেরি, প্রযোজক রেদোয়ান রনি ও শাহরিয়ার শাকিল। সেখানে সিনেমার বাস্তব চরিত্র নূরও উপস্থিত ছিলেন, যার ভূমিকায় অভিনয় করেছেন নিশো।

ছবির প্রেক্ষাপট ও নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নিশো। তিনি বলেন, ‘দেখুন, আমিও তো রক্তমাংসের মানুষ।’ এ পর্যন্ত বলেই থেমে যান তিনি, এরপরই কান্নায় ভেঙে পড়েন।

নিশো জানান, চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে তিনি নূরের গ্রামে গিয়ে তার পরিবার– বিশেষ করে বাবা ও ভাইয়ের সঙ্গে কথা বলেছেন। তাদের জীবনের কঠিন বাস্তবতা কাছ থেকে দেখার অভিজ্ঞতা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘ওরা মানুষ, তাদের কষ্টগুলো একদম সত্যি। আমি শুধু সেই জীবনটা অনুভব করার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, এই শক্তিশালী গল্পই তাকে ছবিটিতে কাজ করতে অনুপ্রাণিত করেছে। চরিত্রের প্রয়োজনে নিজেকে নতুনভাবে প্রস্তুত করতে হয়েছে তাকে। দর্শকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, প্রেক্ষাগৃহে গিয়ে যেন তারা সিনেমাটি দেখেন এবং নূরের বাস্তব জীবনের সংগ্রাম অনুভব করেন।

উল্লেখ্য, দম ইতোমধ্যেই বক্স অফিসে ভালো অবস্থান তৈরি করেছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে চরকি ও আলফা আই।

/এসএ/