শিরোনাম

নেদারল্যান্ডসের পর ভিয়েনায় যাচ্ছে বাংলাদেশি সিনেমা

বিনোদন ডেস্ক
নেদারল্যান্ডসের পর ভিয়েনায় যাচ্ছে বাংলাদেশি সিনেমা
দেপুলি সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’ উৎসব। বিশ্ব চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশি সিনেমা ‘দেলুপি’। উৎসবটি চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

সিনেমাটির নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম গণমাধ্যমকে জানান, আগামী ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর দেড়টায় ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটারে ‘দেলুপি’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এর আগে চলতি বছর নেদারল্যান্ডসের ৫৫তম রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি প্রদর্শিত হয়। সেখানে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

এ বিষয়ে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, নেদারল্যান্ডসে অভাবনীয় সাড়া পাওয়ার পর এবার সিনেমাটি অস্ট্রিয়াতে প্রদর্শিত হতে যাচ্ছে, যা পুরো টিমের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এটি বাংলাদেশের সিনেমার জন্য একটি বড় অর্জন।

‘দেপুলি’ নির্মিত হয়েছে খুলনার আঞ্চলিক প্রেক্ষাপট, মাটির গন্ধ ও মানুষের জীবনসংগ্রামকে কেন্দ্র করে। এতে দক্ষিণাঞ্চলের নদীভাঙন, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাবের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ আরও অনেকে।

চলচ্চিত্রটি ২০২৫ সালের ৭ নভেম্বর খুলনার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরে ঢাকার দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হয় মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করে আলোচনায় আসেন।

/জেএইচ/