শিরোনাম

কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানা গেলো

বিনোদন ডেস্ক
কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানা গেলো
কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক ও টিকটকে তার মৃত্যু হয়েছে এমন একাধিক পোস্ট দেখা যায়। তবে এসব তথ্য সঠিক নয় বলে নিশ্চিত করা হয়েছে।

অভিনেতা হারুন কিসিঞ্জার বেঁচে আছেন বলে জানা গেছে। তবে তার শারীরিক অবস্থা ভালো না। নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

অবশ্য গত কয়েকদিনের তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন হারুন কিসিঞ্জার। বিষয়টি নিশ্চিত করেছেন আরেক কৌতুক অভিনেতা চিকন আলী।

তিনি বলেন, ওস্তাদ হারুন কিসিঞ্জার আগের থেকে অনেক সুস্থ। কোনো ভুয়া খবর বা গুজবে কান দেবেন না। তার পরিবারের সঙ্গে সবসময় কথা হচ্ছে।

হারুন কিসিঞ্জার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন তিনি। আশা করা যায়, দুই-একদিনের মধ্যেই তিনি বাসায় চলে যেতে পারবেন।

নব্বই দশকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি তিনি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

দীর্ঘদিন পর্দায় অনিয়মিত থাকা সত্ত্বেও তার হাস্যরসাত্মক সংলাপ এবং স্বতঃস্ফূর্ত অভিনয় আজও দর্শকদের মনে উজ্জ্বলভাবে ভাসমান।

/জেএইচ/