শিরোনাম

ইতালিতে হামলা ও হেনস্তার ঘটনায় বাঁধনের মামলা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
ইতালিতে হামলা ও হেনস্তার ঘটনায় বাঁধনের মামলা
আজমেরী হক বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে গিয়ে মামলা করেন তিনি। এ সময় ইতালির বাংলাদেশ কনস্যুলেটের একটি প্রতিনিধিদল বাঁধনের সঙ্গে ছিল।

জানা গেছে, হামলা ও হেনস্তার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার ভিডিওচিত্রও পুলিশকে সরবরাহ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে বাঁধন জানান, মামলা দায়ের না করে তিনি ভেনিস ছাড়বেন না। একইসঙ্গে সোমবারের ঘটনার পর ইতালির পুলিশ তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে বলেও জানান তিনি। বর্তমানে ভেনিসেই অবস্থান করছেন এই অভিনেত্রী।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার (প্রেস) সাংবাদিক গোলাম মোর্তোজা ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘আজমেরী হক বাঁধন আওয়ামী জঙ্গিদের নামে মামলা করেছেন। এইমাত্র ফোনে বিস্তারিত কথা হলো তার সঙ্গে। ইতালির বাংলাদেশ দূতাবাসের দুজন অফিসার আজ ভেনিসে এসেছিলেন। এই দুই অফিসার এবং ইতালিয়ান পুলিশের সঙ্গে থানায় গিয়ে বাঁধন মামলা সম্পন্ন করেছেন।’

তিনি বলেন, ‘অপরাধীদের ভিডিওচিত্র পুলিশকে সরবরাহ করা হয়েছে।’ ইতালির মূলধারার গণমাধ্যমে বাঁধনকে নিপীড়নের সংবাদ প্রকাশিত হয়েছে বলেও জানান তিনি।

গোলাম মোর্তোজা বলেন, ‘ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষও ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। বাঁধন উৎসবের আমন্ত্রিত অতিথি হওয়ায় তার ওপর হামলার বিষয়টি আয়োজকদের পক্ষ থেকেও পুলিশকে জানানো হয়েছে। উৎসব কর্তৃপক্ষ বাঁধনকে ভেনিসে তার ইচ্ছামতো আরও কয়েক দিন থাকার সুযোগ দিয়েছে।’

মামলা চলমান থাকলেও উৎসব শেষে বাঁধনের ঢাকায় ফেরার কথা রয়েছে। পরবর্তী সময়ে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলে তাকে আবার ভেনিসে যেতে হতে পারে। এ বিষয়ে পুলিশ জানতে চাইলে বাঁধন ‘অবশ্যই আসব’ বলে জানিয়েছেন বলে জানান গোলাম মোর্তোজা।

এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ইতালির ভেনিসে একটি পার্কে ভাইয়ের সঙ্গে ঘুরতে বের হলে বাঁধনকে মারধর ও হেনস্তা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনা দেশে-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

/জেএইচ/