শিরোনাম

এইচএসসি-২০২৬ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ ঢাকা বোর্ডের

সিটিজেন ডেস্ক
এইচএসসি-২০২৬ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ ঢাকা বোর্ডের
এইচএসসি-২০২৬ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ ঢাকা বোর্ডের। ছবি: সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শুক্রবার (১০ এপ্রিল) বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ বিস্তারিত তালিকাটি প্রকাশ করা হয়। প্রকাশিততালিকায় পরীক্ষার কেন্দ্রের নাম, কোড নম্বর, কেন্দ্রের আওতাভুক্ত কলেজের নাম ও কোডসহ কেন্দ্রের ভারপ্রাপ্ত ও তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফির অর্থ গ্রহণ করবেন। পরবর্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা বোর্ড থেকে প্রয়োজনীয় গোপনীয় কাগজপত্র, অলিখিত উত্তরপত্র ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করে তারা পরীক্ষা পরিচালনা করবেন।

প্রতিদিনের পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে ওএমআর এর প্রথম অংশ ঢাকা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্রসমূহ পরীক্ষা পরিচালনার নীতিমালা মোতাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে। ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করবে এবং পরীক্ষা শেষে যাবতীয় নথি মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেবে।

এছাড়া জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এইচএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অথবা কলেজের কোনো সিনিয়র অধ্যাপক কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকবেন।

/এমএকে/