প্রাথমিক শিক্ষকদের ৯ দফা দাবি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
প্রাথমিক শিক্ষকদের ৯ দফা দাবি
জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

প্রাথমিক শিক্ষকদের নয় দফা দাবি আদায়ে আগামী ১ অক্টোবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে ‘প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম তোতা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহীনূর আকতার। স্বাগত বক্তব্য দেন মো. আনিসুর রহমান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মো. মনিরুজ্জামান মনির ও তপন কুমার মণ্ডল।

পরিষদের নয় দফা দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত পদোন্নতি এবং উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন।

এ ছাড়া নতুন শিক্ষক নিয়োগ বা যোগদানের আগে পুরোনো শিক্ষকদের বদলি নিশ্চিত করা এবং পাঁচ বা তার কম পদ থাকা বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা শিথিল করার দাবি জানানো হয়েছে। এ ক্ষেত্রে পারস্পরিক ও সংযুক্তি বদলির সুযোগ দেওয়ারও দাবি রয়েছে।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে শ্রান্তি-বিনোদন ভাতা পাওয়ার জটিলতা দূর করা, জীবন ও কর্মমুখী এবং নৈতিক শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দ্রুত আইবাস++-এ সক্রিয় করা এবং শিক্ষা-সম্পর্কিত নীতিনির্ধারণী পর্যায়ে শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

বিদ্যালয়ের সময়সূচি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণের দাবিও জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এসব দাবি দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকদের মধ্যে আলোচিত হলেও কার্যকর সমাধান হয়নি। দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আসমা খানম, মো. আবুল খায়ের, এনামুল হক, সাবেরা বেগম, জহিরুল ইসলাম জাফর, গাজী সালাউদ্দিন, নূরে আলম সিদ্দিক রবিউল, আমিনুল হক, আব্দুর রহমান, মো. ইলিয়াস হোসেন, মো. রাসেল কবির, মিজানুর রহমান, ওয়াদুদ ভূঁইয়া, মিজানুর রহমান, নাজমুল হোসেনসহ সংগঠনের নেতারা।

/এমআর/