শিরোনাম

ইনকিলাব মঞ্চের নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টায় ডাকসু ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ডাকসুর জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, কমনরুম,ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক উম্মে সালমাসহ অন্যান্য সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, শহিদ ওসমান হাদি হত্যার এতদিন পার হওয়ার পরে যখন বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে, তখন আজকে স্বয়ং ডিএমপি কমিশনার উপস্থিত থেকে এই আন্দোলনকে মকারি করেছে। তারা ওসমান হাদীকে নিয়ে মকারি করেছে, আমাদের বোনদেরকে নিয়ে মকারি করেছে। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, ইনকিলাব মঞ্চ আশঙ্কা করছে এখানে আওয়ামী লীগের একটা অংশ জড়িত রয়েছে। পুলিশে গুপ্ত থাকা আওয়ামী লীগের একটা অংশ এবং আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়া আরেকটি অংশ আজকে উস্কানি দিয়েছে। আমরা কখনোই চাইনা আওয়ামী লীগের সন্ত্রাসীরা ইনকিলাব মঞ্চের আন্দোলনে ঢুকে শহিদ ওসমান হাদিকে নিয়ে ষড়যন্ত্র করুক। তারা এই আন্দোলনকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে।

তিনি সরকারকে উদ্দেশে বলেন, আমরা আপনাদের অনুরোধ করেছিলাম আপনারা পুলিশকে সংস্কার করুন। কিন্তু আপনারা তা করতে পারেননি। আমাদের ভয় হয়-আপনারা এই ক্ষুদ্র জমায়েত ছত্রভঙ্গ করতে যেভাবে আগ্রাসী হয়েছেন তাতে সামনে নির্বাচনে কিরূপ ভূমিকা পালন করেন।

ডাকসুর এজিএস মুহাম্মদ মহিউদ্দিন খান বলেন, আমরা ভেবেছিলাম জুলাই গণ-অভ্যুত্থানের পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে। কিন্তু আজকে দেখছি তাদের মধ্যে তো কোন অনুশোচনা তৈরি হয়ই নাই, বরং তারা শহিদ ওসমান হাদিকে নিয়ে মকারি করছে। তারা বিনা উস্কানিতে আন্দোলনকারীদের ওপর হামলা করেছে। আমরা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি।

/জেএইচ/