শিরোনাম

জামায়াত নেতার মন্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

ঢাবি প্রতিনিধি
জামায়াত নেতার মন্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ
ঢাবিতে প্রতিবাদ মিছিল (ছবি: সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয় ও নারী শিক্ষার্থীদের উদ্দেশে জামায়াত নেতার মানহানিকর ও মিথ্যাচারমূলক বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ডাকসুর সদস্য হেমা চাকমা। তিনি বলেন, ডাকসুকে নিয়ে একটি দলের নেতা কীভাবে প্রকাশ্যে এমন মন্তব্য করতে পারেন-তা বোধগম্য নয়। আমরা ২০২৬ সালে দাঁড়িয়ে আছি। নারীরা এখন নিজেদের অধিকার, অর্থনৈতিক ও সামাজিক মুক্তি নিয়ে সচেতন। প্রত্যন্ত অঞ্চল থেকে বহু কষ্ট করে নারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। সেই নারীদের নিয়েই এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, কোনো প্রার্থী বা কোনো দলের নেতাকর্মী-যেই হোক না কেন; নারীদের বিরুদ্ধে মন্তব্য করলে আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব। আমরা নারী-বান্ধব একটি বাংলাদেশ চাই। সংশ্লিষ্ট জামায়াত নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানান তিনি।

সলিমুল্লাহ মুসলিম হল সংসদের জিএস সাদমান আব্দুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৫২'র ভাষা আন্দোলন, ৬৯'র গণঅভ্যুত্থান, ৭০'র নির্বাচন, ৭১'র মুক্তিযুদ্ধ ও ২৪ এর অভ্যুত্থানসহ দেশের নানা ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে। তাই এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে কোনো ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য মেনে নেওয়া হবে না।

তিনি জানান, এখনো ডাকসুর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেখা যায়নি। অথচ অন্যান্য ইস্যুতে ডাকসুর ব্যানারে প্রতিবাদ করা হয়।

এদিকে ডাকসু সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

উল্লেখ্য, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কে ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ বলে মন্তব্য করেন।

/টিই/