শিরোনাম

৩ দিনের ছুটি নিয়ে সাড়ে ৩ বছর ধরে যুক্তরাষ্ট্রে সরকারি স্কুলের প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ দিনের ছুটি নিয়ে সাড়ে ৩ বছর ধরে যুক্তরাষ্ট্রে সরকারি স্কুলের প্রধান শিক্ষক
লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান

৩ দিনের ছুটি নিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান। সেই যে ছুটি নিয়েছেন, এখন পর্যন্ত স্কুলমুখী হননি তিনি। আরও ভয়ংকর তথ্য ৩ দিনের ছুটি নিয়ে আর স্কুলে না আসা সেই শিক্ষক সাড়ে ৩ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন। আর বিদেশ যাওয়ার জন্য তিনি কর্তৃপক্ষের কোনো অনুমতিও নেননি। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় বিদ্যালয়টির প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। তবে জিল্লুর রহমান এ নিয়ম না মেনেই বিদেশে গেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রায়পুর উপজেলার তখনকার (ইউএনও) অঞ্জন দাশ জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি দেন। ইউএনও অঞ্জন দাস তখন স্কুলটির পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বে ছিলেন।

রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি
রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি

জিল্লুর রহমান ৩ দিনের ছুটি নিয়েছিলেন ২০২২ সালের ২২ আগস্ট থেকে। ২৩ আগস্টই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন। এর আগেও বিদেশে যাওয়ার নজির রয়েছে জিল্লুর রহমানের। ২০২১ সালের ১৯ ডিসেম্বর তিনি প্রথমবার যুক্তরাষ্ট্রে যান। সেবার তিনি দেশে ফেরেন ৫ মাস ৪ দিন পর। তখন ছুটি নিয়েছিলেন ২ মাসের জন্য। সেবারও জিল্লুর রহমান বিদেশে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেননি। দেশে ফেরার পর তিনি সরকারি বেতন-ভাতাও উত্তোলন করেন বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।

রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি ২০১৭ সালের ১৯ মার্চ জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থাকায় বিদ্যালয় পরিচালনায় নানা সংকট তৈরি হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে মো. জিল্লুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

/আরএ/

বিষয়:

স্কুল