শিরোনাম

মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় বাড়লো তেলের দাম

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় বাড়লো তেলের দাম
জ্বালানি তেল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা জোরদার এবং তেহরান লোহিত সাগরের রপ্তানি পথ বন্ধ করার জন্য ইয়েমেনের হুথিদের প্রস্তুত থাকতে বলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

শুক্রবার (১৭ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ৭০ সেন্ট বা প্রায় ০.৮০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪.৩০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১৬ সেন্ট বা ০.২০ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৯.১১ ডলারে পৌঁছেছে। এই সপ্তাহে উভয় বেঞ্চমার্কের দাম প্রায় ১২ শতাংশ বেড়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেছেন, ‘হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ আগেই বন্ধ ঘোষণা করেছে ইরান। এর মধ্যে লোহিত সাগর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এমতাবস্থায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ হওয়ার শঙ্কায় তেলের দাম বেড়েছে।

গত মাসে একটি সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধবিরতি হওয়ার পর বুধবার (১৫ জুলাই) প্রথমবার একদিনে দুটি বড় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যার বেশিরভাগই ছিল ইরানের দক্ষিণ উপকূলের নিকটবর্তী স্থানে। বৃহস্পতিবারও তারা হামলা অব্যাহত রেখেছে। প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে তেহরান।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

/জেএইচ/