শিরোনাম

নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ছবি: সংগৃহীত

সরকারের বিনিয়োগসংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ সংস্থা একীভূত করে গঠন করা হয়েছে নতুন কর্তৃপক্ষ ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’। নতুন এই সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বৃহস্পতিবার সরকার বিডা, বেজা ও পিপিপিএ একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এর মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপিএ) বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম নতুন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হবে।

এর পরদিনই নতুন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নিয়োগের বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয়েছে।

নতুন এই কর্তৃপক্ষের মাধ্যমে দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগকারীদের জন্য সেবাপ্রক্রিয়া আরও সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

/এবি/