শিরোনাম

বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩
বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসীর ভাইয়ের কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩০ আগস্ট) বিমানবন্দর থানায় করা অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ।

এ ঘটনায় জড়িত আরও একজন পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট ভুক্তভোগী প্রবাসীর ভাই মো. সুমন বিমানবন্দর থানার মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, তার বড় ভাই কাউসার মালয়েশিয়া প্রবাসী। তিনি বোনের বিবাহ ও পরিবারের ব্যবহারের জন্য মালেয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠায়। বাদি ও তার বন্ধু রোহান চৌধুরীকে গত ২৮ আগস্ট রাত ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার বড় ভাইয়ের পরিচিত লোকের কাছ থেকে স্বর্ণালংকার সংগ্রহ করে ভাড়া গাড়িতে উঠেন।

পরে রাত ৮টা ৫মিনিটে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কস্থ বলাকা ভবনের বিপরীত পাশে রাস্তায় আসামিরা বলেন, ভুক্তভোগীরা আওয়ামী লীগ, ছাত্রলীগ করে এবং তাদের কাছে বোমা আছে- এই কথা বলে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে আসামিরা তাদের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়।

/টিই/